প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরের বীরগঞ্জে জগদল পুরাতন জেলখানা আশ্রয়ণ প্রকল্পের পুকুরপাড়ে অংশীদারিত্বমূলক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বীরগঞ্জ জোন, দিনাজপুরের বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে বিএমডিএর পুনঃখননকৃত পুরাতন জেলখানা আশ্রয়ন পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার এবং বিএমডিএর বীরগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচি উদ্বোধনের পর সংসদ সদস্য মনজুরুল ইসলাম আশ্রয়ণ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় অংশীদারিত্বমূলক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের হাতে অংশীদারিত্বের দলিল তুলে দেন তিনি।
এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান সংসদ সদস্য। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে সতর্ক করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পুকুরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন