দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার-সংলগ্ন অধিকারীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির মাঠে উদ্বোধন হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান। বাংলার লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের এ আয়োজনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
রবিবার (২৫ অক্টোবর) রাত ১০টায় আয়োজিত কবিগান অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ দেশের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, সবাই মিলেমিশে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা। এবারের দুর্গাপূজায় মানুষের মধ্যে যে আনন্দ-উল্লাস, উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তা ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে।
এ সময় তিনি বীরগঞ্জ-কাহারোল-এর উন্নয়ন প্রসঙ্গে বলেন, আমাদের এমপি মনজুরুল ইসলাম এলাকার উন্নয়নে ব্যাপকভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে উন্নয়নমূলক কাজের গুরুত্ব অপরিসীম। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বীরগঞ্জের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নির্মাণ নয়; উন্নয়ন মানে মানুষের মধ্যে ভালোবাসা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করা। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ অবহেলিত হবে না, প্রত্যেক মানুষ সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে এবং সব শ্রেণি-পেশার মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান আয়োজনের প্রশংসা করে রিজু আরও বলেন, কবিগান আমাদের শেকড়ের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ও গৌরবের অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক বন্ধনকে দৃঢ় করে। আমাদের নতুন প্রজন্মকে বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, ধর্মীয় সম্প্রীতি ও এলাকার উন্নয়নের প্রশ্নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বাবুল হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. ওবাইদুল হক।
এ সময় উপস্থিত অতিথিরা স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও গ্রামীণ জনপদে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগানকে কেন্দ্র করে এ আয়োজন স্থানীয় মানুষের সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন