কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর ও প্রত্যান্ত গ্রামগঞ্জে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যের তাপ না থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বৃদ্ধরা। হাড়কাঁপানো ঠান্ডায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
গতকাল বুধবার সকাল ৬ টায় উপজেলায় সর্বনিম্ন ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও শ্রমজীবীদের জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হতে হলেও ঠান্ডার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কষ্ট আরও বেড়েছে। একদিকে ঠান্ডা, অন্যদিকে কাজ না পেলে সংসার চালানোর দুশ্চিন্তা, সব মিলিয়ে কঠিন
সময় পার করছেন তারা। অন্যদিকে শীত ও বৃষ্টির প্রভাবে আমন ধান কাটাতেও দেখা দিয়েছে ধীরগতি। কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অনেক জমির পাকা ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। ঠান্ডার কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় সময়মতো ধান কাটতে পারছেন না কৃষকরা। রোদ না থাকায় জমিতে পড়ে থাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এতে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন ও ঘরে ফসল তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। স্থানীয়দের ধারণা, শীতের মৌসুমের শুরুতেই এমন ঠান্ডা অনুভূত হওয়ায় এবার শীতের তীব্রতা বেশি হতে পারে। বিশেষ করে গ্রামেগঞ্জ ও নদীতীরবর্তী এলাকার মানুষ হিমেল বাতাসে বেশি কষ্ট পাচ্ছেন। দু-তিন দিনের বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে উপজেলায় তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
রিকশা চালক কুদ্দুস আলী জানান, কয়েকদিনের মাঝারি, ভারী ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর শীত অনুভূতি বেড়েছে। পাশাপাশি ঘন কুয়াশা বেড়েছে। শীতের কারণে দেরিতে বাড়ি থেকে বের হতে হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন