দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের পরিবেশ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মাকড়াই শালবন এলাকায় অবস্থিত বীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও আমাদের সমাজেরই সন্তান। তাদের প্রতি দায়িত্ব শুধু পরিবারের নয়, আমাদের সবার। তাদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের প্রত্যেক সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, তারা যেন নিজেদের বোঝা মনে না করে-তাদেরও স্বপ্ন আছে, প্রতিভা আছে। প্রয়োজন শুধু একটু বেশি যত্ন, ভালোবাসা ও সুযোগ। আমি চাই বীরগঞ্জের এই শিশুরা মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেয়ে সমাজের মূলধারায় এগিয়ে যাক।
এমপি আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে বৃক্ষরোপণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেমন সুন্দর হওয়া প্রয়োজন, তেমনি শিক্ষার্থীদের জন্যও একটি নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আমি গুরুত্বসহকারে কাজ করব।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮৬ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। তাদের পাঠদান ও পরিচর্যায় কর্মরত রয়েছেন ৯ জন শিক্ষক।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন এমপি মনজুরুল ইসলাম। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সাজু ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এমপি মনজুরুল ইসলামের বিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন