দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজার্চনা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় মহানাম যজ্ঞ অনুষ্ঠান মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপির অন্যতম সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং উপজেলা বিএনপির অন্যতম নেতা সুভাষ দাশ, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রদল নেতা মো. আক্কাস আলী, কেন্দ্রীয় মহানাম যজ্ঞ অনুষ্ঠান কমিটির সাবেক সভাপতি গিরিজা নাথ দাশ, বাবু নিত্যানন্দ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোপাল দেব শর্মা এবং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলরাম চন্দ্র বর্মা।
ধর্মীয় আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবকল্যাণ, ন্যায়, সত্য ও শান্তির শিক্ষা তুলে ধরেন। পরে কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তরা অংশগ্রহণ করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে কেন্দ্রীয় মহানাম যজ্ঞ অনুষ্ঠান মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন