দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি নির্জন পুকুরে বস্তাবন্দি মরদেহ ফেলার গুজব ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পুলিশও ঘটনাটিকে গুজব বলে ধারণা করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ছোট সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সূর্যপুর গ্রামের অটোচালক রেজাউল ইসলাম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁর অটোরিকশার চালকের আসন ভেঙে যায়। তিনি অটো থামিয়ে আসনটি ঠিক করার চেষ্টা করছিলেন।
এ সময় অটোরিকশাটির গিয়ার অটোমেটিকভাবে পড়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জঙ্গলের ভেতর দিয়ে পুকুরের কাছে গিয়ে উল্টে পড়ে। পরে পথচারী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করেন।
তবে সড়ক থেকে পুকুরটির দূরত্ব প্রায় ২০০ মিটার হওয়ায় স্থানীয় কয়েকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তাঁদের ধারণা, অটোরিকশাটি নিজে থেকে এতটা দূরে যেতে পারে না। এ থেকেই অটোরিকশাচালক গোপনে কোনো বস্তাবন্দি মরদেহ পুকুরে ফেলে দিয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ঘটনার রহস্য উদঘাটনে পুকুরের মালিক মো.মাহাবুবুর রহমান জাল ফেলে পুকুরে তল্লাশি চালান। পাশাপাশি খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালান। তবে কোনো মরদেহ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েছেন। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। আমার ধারণা, এটি একটি গুজব।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি।
ছবি তথ্য সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন