তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অসন্তোষ কাটেনি। নতুন মজুরি ঘোষণার পরদিন বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২২টি কারখানা।
এদিকে সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেমায়েতপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতির অবনতি এড়াতে সকাল সাড়ে ৮টার দিকে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে। কারখানা থেকে বেরিয়ে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একটি অংশ পৌনে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এবং হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা চালায়।
পুলিশ প্রথমে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। শ্রমিকেরা সড়ক না ছাড়লে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উত্তেজিত একদল লোক হেমায়েতপুরে অবস্থিত একেএইচ গ্রুপের একটি কারখানার প্রধান ফটক ও ভেতরে ভাঙচুর চালায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন বলেন, সকালে হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের কারখানা ছুটি দেওয়ার পর শ্রমিকেরা রাস্তায় নেমে জড়ো হওয়ার চেষ্টা করেন। প্রথমে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কাজ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।
ভাঙচুরের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ব্যাবিলন গ্রুপের শ্রমিকদের সঙ্গে মিশে থাকা কিছু বহিরাগত ও দুষ্কৃতকারী একেএইচ গ্রুপের কারখানায় হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক ক্ষুদে বার্তায় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) মোট ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে অন্যান্য কারণে আরও দুটি কারখানা বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় দীর্ঘ আলোচনার পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকলে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। পরিস্থিতি অমীমাংসিত থাকায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন। বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে এবং বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়। তবে এই মজুরি কাঠামো মেনে না নিয়ে আজও বিক্ষোভ অব্যাহত রেখেছেন শ্রমিকদের একাংশ।
বেতন বৃদ্ধি প্রসঙ্গে শ্রমিক শাজাহান মিয়া জানান, বেতন বৃদ্ধি বাড়িয়েছে ঠিক আছে কিন্তু এর সাথে সাথে যেন বাড়ি ভাড়া, দ্রব্য মূল্য বৃদ্ধি ও অন্যান্য জিনিসপত্রের দাম যেন না বাড়ে সে দিকে সকলের লক্ষ রাখতে হবে।
বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি শান্ত রয়েছে, পুলিশ, বিডিআর ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন