রংপুরের বদরগঞ্জ পৌরশহরের জামুবাড়ি পকিহানা রোডে গরু বহনকারী একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যাওয়ায় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নছিমনে থাকা অপর পাঁচজন আহত হয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতের নাম দিজেন্দ্র চন্দ্র (৬২)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ মধ্যপাড়া আলদাদপুর বটপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গরু বহনকারী বড় নছিমনটি জামুবাড়ি পকিহানা রোড দিয়ে মধ্যপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি রাস্তার পাশের গর্তে পড়ে যায়। ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী দিজেন্দ্র চন্দ্রের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
নিহত দিজেন্দ্র চন্দ্রের নাতি বাবলু চন্দ্র বলেন, "আমার দাদু গরু কেনাবেচা করতেন। আজ সোমবার বদরগঞ্জ হাটবার। গরু হাটে গরু কেনাবেচা করতে গিয়েছিলেন। গরু কেনাবেচা শেষে বাড়িতে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমার দাদু মারা গেছেন। গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন।"
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন