সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া রাষ্ট্রের দায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কে কোন উপাধিতে ভূষিত হয়েছেন, তার চেয়েও বড় কথা হলো—একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার উল্লেখ করে বীরোচিত অভিনন্দন জানান তিনি।
লাখো মানুষের প্রাণ, মা-বোনের সম্ভ্রম এবং অসংখ্য আহত মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাদের মাগফিরাত কামনা করেন এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, আজ যারা সম্মানী ও সংবর্ধনা পেলেন, তাদের সম্মানিত করার মাধ্যমে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন—এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।
বয়সের ভারে ক্লান্ত বীর মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জীবন সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এসব ‘জীবন্ত কিংবদন্তি’কে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিবছরের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত এই বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফের গভীর শ্রদ্ধা জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন