জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে তাদের এ সাক্ষাৎ হয়।
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউসের আয়োজনে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগকে ঘিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।
‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা। অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ এখন প্রায় ৬০টি দেশকে যুক্ত করেছে। ২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প জানান, উদ্যোগটির সদস্যদেশগুলো শিশুদের প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বৈশ্বিক সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।
মার্চের সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন