শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে রংপুরে কুমারী পূজাকে কেন্দ্র করে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমেছে। সোমবার নগরীর মাহিগঞ্জের রামকৃষ্ণ মিশন ও আশ্রমে এ পূজা দেখতে রংপুরসহ বিভিন্ন এলাকার শত শত সনাতন ধর্মাবলম্বী সমবেত হন।
এবার কুমারী পূজায় দেবী দুর্গার রূপে পূজিত হয় বগুড়ার চার বছর তিন মাস বয়সী শিশু অরুন্ধতী বাগচি। দেবী দুর্গার প্রতিমার সামনে তাকে সাজিয়ে সিংহাসনে বসানো হয়।
পূজার সময় ঢাকের তালে তালে মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে মিশন প্রাঙ্গণ। প্রায় এক ঘণ্টাব্যাপী এ আয়োজনে ভক্তরা কুমারীকে ফুল, অঞ্জলি ও প্রণাম নিবেদন করেন। রামকৃষ্ণ মিশনের পূজারি কৃষ্ণ ঝা মন্ত্রপাঠসহ পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় ভক্তরা দেবীরূপী কুমারীর কাছে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন।
পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন