রংপুর নগরীর হাজিরহাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। রোববার আনুমানিক রাত ১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারীর সৈয়দপুর এলাকার রেজাউল খান এবং রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের রেজাউল করিম। তারা রংপুর নগরীর জগন্নাথপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, রাতে দুই মাদ্রাসা শিক্ষক একই মোটরসাইকেলে করে রংপুর থেকে তারাগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় হাজিরহাট এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে নিহত দুই শিক্ষকের মরদেহের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রমজান আলী জানান, রাত আনুমানকি একটার দিকে তারা শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। দুই মাদ্রাসা শিক্ষকের ওপর দিয়ে ট্রাকটি চলে যাওয়ায় তাদের দেহ ছিন্নভিন্ন হয়েছিল। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুত চালিয়ে নিয়ে যায় এর চালক।
হাজিরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুই মাদ্রাসা শিক্ষকের মরদেহ তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ট্রাক ও চালককে রোববার বিকেল পযর্ন্ত শনাক্ত করে যায়নি তবে ট্রাকটি শানক্ত করে এর চালককে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন