রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানকারী পর্যটকদের আগামী (১৩ অক্টোবর) মঙ্গলবারের মধ্যে সাজেক উপত্যকা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর রাঙামাটি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, 'অনিবার্য কারণবশত আজ ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।'
মূলত রোববার দিনভর সাজেক সড়কে অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের মুখোমুখি অবস্থান এবং পর্যটক আটকেপড়ার ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় এই নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
গত শনিবার দুপুরে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে দুই সংগঠনের পক্ষ থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়।
বিবৃতিতে দাবি করা হয়, সাজেকে জেএসএস (জনসংহতি সমিতি) সশস্ত্র তৎপরতা শুরু করেছে। স্থানীয় লোকজনকে ভয়ভীতি, হুমকি দিচ্ছে সংগঠনটি। তাদের বিরুদ্ধে গত ৮ অক্টোবর সাজেকে সমাবেশ করে জেএসএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। তারপরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছে।
এদিকে, রোববার দিনভর সাজেক সড়কে অবরোধের কারণে যানবাহন চলাচল করতে পারেনি। এতে করে সাজেকগামী ও সাজেকফেরত পর্যটকরা আটকে যান। দুপুর ২টার দিকে সাজেক পর্যটনকেন্দ্র থেকে আটকেপড়া পর্যটকদের সেনাবাহিনীর স্কটে করে ফেরানো হলে সাজেক সড়কের উজোবাজার এলাকায় তাদের আটকে দেয় অবরোধকারীরা। অন্যদিকে, একই সময়ে বাঘাইহাট থেকে সাজেক পর্যটনকেন্দ্রের উদ্দেশ্য রওনা করা পর্যটকদেরকেও মাচালং বাজার এলাকায় আটকে দেয় অবরোধকারী। এতে সড়কের উভয়পাশে প্রায় ৩ ঘণ্টা আটকে পড়েন পর্যটকরা।
পরে বিকাল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা এবং দুই দিনের জন্য অবরোধ কর্মসূচিও স্থগিত করা হয়। বিকাল ৫টার পর থেকে সাজেক সড়কের যানচলাচল স্বাভাবিক হয়। এরপর সন্ধ্যা ৭টার পর জেলা প্রশাসন থেকে নির্দেশনা এলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন