নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সামাজিক বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিশৃঙ্খলাকারীকে বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় যাতে তরুণ ও যুবসমাজকে বিপথে পরিচালিত করতে না পারে, সে জন্য পরিবারের অভিভাবকসহ সমাজের সব স্তরের মানুষকে সচেতন থাকতে হবে। নিজেদের অসচেতনতার কারণে সন্তানরা যাতে মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে। একই সঙ্গে সামাজিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে, যাতে কেউ অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এ ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসুস্থ নারী-পুরুষ এবং গৃহহীন ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
এ ছাড়া ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী।
এ সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন