বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, খুলনা অঞ্চলের দীর্ঘদিনের জ্বালানি সংকট নিরসন ও শিল্পায়ন ত্বরান্বিত করতে সরকার ২০৩০ সালের মধ্যে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে খুলনায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এ অঞ্চলে এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শুরু হয়েছে। পাশাপাশি জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতার বিভাগীয় প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একসময় খুলনা বিশ্বজুড়ে পাটকলের জন্য পরিচিত ছিল। এসব পাটকল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে পরবর্তী সময়ে এ অঞ্চলের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও জ্বালানি সংকটের কারণে তা কাজে লাগানো সম্ভব হয়নি।
অমিত বলেন, সরকার মোংলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি যশোরের অভয়নগর উপজেলায় একটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে।
তবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে এসব উদ্যোগ পুরোপুরি কার্যকর হবে না।
এ প্রেক্ষাপটে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনার প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে সরকার।
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালে ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, খুলনায় ৮৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপসা বিদ্যুৎকেন্দ্রসহ তিনটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানি সংকটের কারণে বন্ধ রয়েছে। এসব কেন্দ্রের সম্মিলিত উৎপাদনক্ষমতা প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট। সরকার কেন্দ্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরব বাজারের বিদ্যুৎকেন্দ্রগুলোও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে অমিত বলেন, লবণাক্ততা-সহিষ্ণু ধানের চাষ, আগাম বন্যার সতর্কবার্তা, রান্নাঘরের বর্জ্য ও জৈব পদার্থ থেকে জ্বালানি উৎপাদন, আধুনিক মাছ চাষ প্রযুক্তি এবং গবাদিপশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের উদ্ভাবন বাস্তব জীবনের নানা সমস্যা সমাধানে সহায়ক হতে পারে।
তিনি আশা প্রকাশ করে বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে, বিশেষ করে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম প্রকল্পগুলোকে, ভবিষ্যতেও সহায়তা দেবে এবং প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে সেগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের অর্থায়নে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রান্নাঘরের বর্জ্য থেকে জৈব জ্বালানি উৎপাদনের একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
প্রকল্পটি সফল হওয়ায় খুলনা সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে বাণিজ্যিকভাবে এ উদ্যোগ সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর লক্ষ্যে তার মন্ত্রণালয়ের অধীন কোম্পানিগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুনর্বিন্যাসের পরিকল্পনার কথা জানান তিনি।
পাশাপাশি বিদ্যুৎ ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্রে এক থেকে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, জোরপূর্বক গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের সন্তানদের শিক্ষার ব্যয় বহনে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে এ সংগঠনটি। পাশাপাশি অসচ্ছল মানুষকে চিকিৎসা সহায়তা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা করছে।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন