ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করলেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন জোহেইরি মোলা। গত বছরের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।
প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।
চূড়ান্ত পর্বের শীর্ষ ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা। নাইজেরিয়ার তামুনোসোয়ে কারিবি-জর্জ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নেন।
জোহেইরি মোলা বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক। তিনি পেশাদার মডেল হওয়ার পাশাপাশি সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করছেন। সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় এই সুন্দরী ‘ভয়েসেস অব টুমোরো’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
প্রতিষ্ঠানটি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষা শেখানো এবং তাদের মানসিক ও সামগ্রিক উন্নয়নে কাজ করে।
মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর জোহেইরি মোলা বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবে কাজ করবেন।
আয়োজকরা জানিয়েছে, ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তানজানিয়ায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন