দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা’ দিবস পালন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে চড়ারহাট শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
এর আগে যুদ্ধাহত পরিবারের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় নীরবতা পালন করা হয়। পরে গণকবরস্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. আজগর আলী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা” নবাবগঞ্জের ইতিহাসের এক ঘৃণ্যতম অধ্যায়। এই দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে যেকোনো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন