‘এ দেশ, এ মাটি সবার। আমরা কেউ বাইরে থেকে আসিনি। আপনার রক্ত লাল, আমার রক্তও লাল। আপনার একটি ভোট, আমারও একটি ভোট। আপনার অধিকার যেমন সমান, আমার অধিকারও তেমন সমান।’
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে এসব কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তিনি মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন; কিন্তু আইনের ঊর্ধ্বে নন। আইন সবার জন্য সমান। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ—ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।
তিনি আরও বলেন, কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না। সব ধর্মেই অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। তাই অন্যায়কে অন্যায় বলতে হবে এবং কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন