ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ১৮৫টি কেন্দ্রকে তিনভাগে ভাগ করা হয়েছে—এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
এই উপনির্বাচনে চূড়ান্তভাবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি: মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) ১১ দলীয় জোট (জামায়াতে ইসলামী): দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) বাংলাদেশ খেলাফত আন্দোলন: মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ) ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) বাংলাদেশ কংগ্রেস: হোসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো নির্বাচনি এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
এবারের উপনির্বাচনে মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সাধারণ ভোটারদের আতঙ্ক দূর করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠে নেমেছেন প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এছাড়া যে কোনো ধরনের অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন