নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে পথসভায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে দায়িত্ব পালন করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন