নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও সৃষ্ট বিভিন্ন নাশকতার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় জুলাই গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগের কোনো স্থান হবে না—এমন দাবি তাদের।
তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি কোনো ক্যাম্পাসে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি জানান তারা।
এ সময় হাইকোর্টে আওয়ামী লীগের সাত নেতার দেওয়া রায় দ্রুত কার্যকর করার দাবিও জানান বিক্ষোভকারীরা।
মিছিল ও সমাবেশে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা আহমাদুল্লাহ আল আমান সুজন প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন