নির্বাচনের মাঠে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা, কাদা ছোড়াছুড়ি, অভিযোগ এবং নির্বাচনী বাহাস ছিল রীতিমতো । কিন্তু ভোটের মাঠের তিক্ততা ও দ্বন্দ্ব ভুলে ভোটের ফল ঘোষণার পর সৌজন্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীন ফুল ও মিষ্টি নিয়ে গেলেন পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ।
নির্বাচনের পরদিন আজ শুক্রবার(৩০ অক্টোবর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় দেলাওয়ার হোসেনের বাসায় যান তিনি।
সেখানে দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয়। এছাড়াও নির্বাচিত সংসদ সদস্যকে মিষ্টি খাওয়ান দেলাওয়ার হোসেন।
এ সময় দেলাওয়ার হোসেন কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্য। মির্জা ফয়সল আমীন বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
অন্যদিকে, বিজয়ী প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে দেলাওয়ার হোসেন জানান, দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা তার।
জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন এটা রাজনৈতিক সৌর্ন্দয। আমি নির্বাচনের সব অনিয়ম তাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। আর আমাদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেটা আগামীকাল অনুষ্ঠিত হবে।
এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ হয়।
ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
সেখানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন কে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোটে মির্জা ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেনের বাক্সে জমা হয় ৯৬ হাজার ৫১৩ ভোট।
এছাড়াও এই আসনের উপনির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৫০ ভোট।
সদ্য বিজয়ী সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ঠাকুরগাঁও ও দেশের স্বার্থে তার সমর্থক ও অনুসারীদের সহযোগিতা কামনা করেছেন।
ফয়সল আমিন বলেছেন, “তিনি (দেলাওয়ার হোসেন) কিন্তু বিপুল পরিমাণ ভোটও পেয়েছেন। এখন একটা বিশাল অংশ তার সঙ্গে আছে। এই বিজয় তাদের বাদ দিয়ে নয়, তারাও তো আমাদের মানুষ, তারাও এই এলাকার মানুষ। অতএব আমার ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করবো।”
এ সময় পরাজিত জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, “আমি গর্ববোধ করি, বড়ভাই মির্জা ফয়সল আমিন নির্বাচিত হওয়ার পর আমার খোঁজখবর নিতে এসেছেন। পাশাপাশি আমার নেতাকর্মীদের খোঁজখবর নিতে এসেছেন। এজন্য উনার প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি মির্জা ফয়সল আমিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এই রাজনৈতিক সংস্কৃতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দেলাওয়ার বলেন, “এমনই রাজনৈতিক কালচার গড়ে ওঠা উচিত, নির্বাচন থাকবে, দল থাকবে, কিন্তু আমাদের পরস্পরের মধ্যে একটা সৌহার্দপূর্ণ আচরণ থাকবে-পরিবেশ থাকবে। যেটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। ফয়সাল ভাই আজ সেটাই করেছেন।”
নির্বাচনের পর দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন