আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গাজীপুর হয়ে রংপুর পর্যন্ত রোডমার্চ ও মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে ‘বিশেষ দায়িত্বশীল সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে গাজীপুরের ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।সোমবার বিকাল ৪টায় নগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আর সি মা ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘২৪-এর গণ-আন্দোলনের মূল লক্ষ্য ছিল সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়া।’ সেই আকাঙ্ক্ষার ধারাবাহিকতায়, দীর্ঘ এক বছর ৩৩টি রাজনৈতিক দল আলোচনা করে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করে এবং গণভোটে এর পক্ষে রায় দেয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পরবর্তী জাতীয় সংসদে সংস্কার প্রস্তাব ও শপথ বাস্তবায়িত না হওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও অসীম দলীয়করণের ফলে সৃষ্ট সংকটের কারণে ১১ দল সাত দফা দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেছে।
তিনি আরও বলেন, গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১৯ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে গাজীপুর হয়ে রংপুর পর্যন্ত ঐতিহাসিক রোডমার্চ ও মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে গাজীপুর থেকে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব বলেন, “আমরা মূলত আলমে আরওয়া থেকেই লং মার্চ শুরু করেছি। আমাদের জীবনটাই তো লং মার্চ।” তিনি বলেন, অনেকে বলছেন অল্প সময়েই মানুষ অধৈর্য হয়ে গেছে। অথচ গত ১৭ বছর ধরেই মানুষ অধৈর্য হয়ে আছেন।
গাজীপুর জেলা আমির ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণহত্যার বিচার এখন বিচারহীনতার দিকে যাচ্ছে।" আমরা দ্রুত গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন সও আমাদের দাবিগুলোর বাস্তবায়ন চাই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান ও মুহাম্মদ হোসেন আলি, জেলা নায়েবে আমির আব্দুল হাকিম, গাজীপুর সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি শফি উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমানসহ জেলা ও মহানগরের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন