সরকার যদি মনে করে, দিল্লি কিংবা আমেরিকাকে ধরে বাংলাদেশে দাসত্ব কায়েম করবে- তাহলে আমাদেরও আর একটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে’ বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, বিএনপিকে আশ্বস্ত করতে চাই, আমরা সরকারের সাথে আছি। আমরা বিএনপিকে ক্ষমতা থেকে টেনে নামাতে আসি নাই। বরং আমরা এসেছি, এই বিচারগুলোর মধ্যদিয়ে বাংলাদেশের মানুষকে একটা বার্তা দিতে পারেন, গত ১৭ বছর যা হওয়ার হয়েছে- আমরা বিচারব্যবস্থাকে এমনভাবে সাজাবো, একজন সাধারণ নাগরিক তার বিচারটুকু পায়। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আর সরকার যদি মনে করে, দিল্লি কিংবা আমেরিকাকে ধরে বাংলাদেশে দাসত্ব কায়েম করবে, তাহলে আমাদেরও আর একটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জাবের বলেন, রাষ্ট্রের কোনো কিছুই সরকার তার নিয়ন্ত্রণের মধ্যে নিতে পারছে না। সরকার প্রশাসন ও অন্য দেশের সহযোগিতা নিয়ে এগুলো নিয়ন্ত্রণে আনতে পারবে না। এ জন্য জনগণের কাছে আসতে হবে। জনগণের প্রত্যাশার কথা শুনতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকারের আট মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বিচারব্যবস্থাকে এমন একটা অবস্থায় নিয়ে আসতে পারে নাই, যেখানে দেশের নাগরিক সুবিচার পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিক থেকে মারাত্মক অবনতির দিকে যাচ্ছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখনও দেশের অবস্থা ভালো ছিল না। অত্যন্ত খারাপ পরিস্থিতি ছিল। তিনি কোন প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ৬ মাসের মধ্যে বাংলাদেশকে একটা শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির উচিত সেই প্রক্রিয়া অনুসরণ করে দেশকে একটা শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে জনগণকে আশ্বস্থ করবে যে, আমরা একটা নয়া বাংলাদেশের পথে এগুচ্ছি।
আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে জাবের বলেন, আওয়ামী লীগ শুধু একটা মানুষকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, মৃত্যুর পরও সামাজিক যোগাযোগমাধ্যমে করছে ঠাট্টা-বিদ্রূপ করেছে। তারা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চায়। তারা ফিরে আসুক, আমরা ওয়েলকাম জানাই। কেননা তাদের জন্য বিচারব্যবস্থা ও ফাঁসির দড়ি প্রস্তুত রয়েছে।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয়সহ সংগঠনটির নেতা ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার করার দাবি নিয়ে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন