পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়। থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলে রাত ১২টা পর্যন্ত। পরে আহত ব্যক্তিদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিরা হলেন রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ বলেন, মোট ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের অনেকে মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন।
সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের নেতাকর্মীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। ওই ঘটনার জের ধরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন