সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৈঠকের বিষয়ে জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, ‘মাগরিবের নামাজের আগে দলের আমিরকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা বৈঠকে বসেন। সেখানে দুই নেতা ছাড়া আর কেউ ছিলেন না।’
এই সংসদ সদস্য আরও জানান, ‘বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা। এ সময় উভয় নেতা মতবিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় একমত হয়েছেন।’
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় তার জেলা গোপালগঞ্জ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িসহ একটি থানাও জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত ওই থানা ছেড়ে চলে যাচ্ছেন।
পাশাপাশি সম্প্রতি পুড়িয়ে দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি। এছাড়া রাজধানী ঢাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তারই মধ্যে কিছু সময় আগে নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতে দেশটির রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন