দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র ব্রাহ্মণপাড়ায় উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী সার্বজনীন লক্ষ্মীপূজা ও নৃত্য প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টায় দামাইক্ষেত্র ব্রাহ্মণপাড়া সার্বজনীন লক্ষ্মীপূজা কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই চেতনাকে ধারণ করেই আমাদের একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপি সব সময় ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে এবং পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ-উল্লাস ও পারস্পরিক সহযোগিতা আমাদের সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই সমাজের অংশ। তাই বিভেদ নয়, ঐক্য; বিদ্বেষ নয়, ভালোবাসা-এই আদর্শকে সামনে রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন