দিনাজপুর শহরের পৃথক দুটি স্থানে আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার মধ্যরাতে শহরের পাহাড়পুর ঠোঙ্গাপট্টি ও চাউলিয়াপট্টি এলাকায় এই তাণ্ডব চালানো হয়। হামলায় দুটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের পাশাপাশি গ্যারেজে থাকা দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত শহরের পাহাড়পুর ঠোঙ্গাপট্টি এলাকায় অবস্থিত দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি জহির খানের বাসভবনে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং গ্যারেজে রাখা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
একই রাতে শহরের চাউলিয়াপট্টি এলাকার স’মিল সংলগ্ন বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী আব্দুল লতিফের বাড়িতেও অনুরূপ হামলা চালানো হয়। দুর্বৃত্তরা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে পার্ক করা একটি নোয়া এবং একটি টয়োটা প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। দুটি বাসভবনেই ভাঙচুর ও অগ্নিসংযোগের আলামত পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, একই রাতে দিনাজপুর সদর উপজেলার কৃষাণ বাজার এলাকায় ভিন্ন এক ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। স্থানীয়দের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে তাদের হাতেনাতে ধরা হয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন