ঢাকার মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচিত ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হয়েছে সংরক্ষিত নারী আসন-২৩। আসনটি ঘিরে এখন বিএনপির ভেতরে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা। মনোনয়ন পেতে দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নারী নেত্রী ও রাজনৈতিক পরিবারের সদস্যদের নাম সামনে আসছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যেমন বিএনপির শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে, তেমনি দীর্ঘদিনের সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় নারী নেত্রী, রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবং পেশাজীবী অঙ্গনের পরিচিত মুখও রয়েছেন।
আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের বড় মেয়ে নওশিন খান। তিনি বর্তমানে বিশ্বব্যাংকে কর্মরত।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের স্ত্রী এবং দলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক সৈয়দা আশরাফী পাপিয়ার নামও উঠে এসেছে।
দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নারী নেত্রীদের মধ্য থেকেও কয়েকজনকে নিয়ে আলোচনা চলছে। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রেহানা আক্তার শিরিন এবং সহসাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কাজী রেহা কবির সিগমার নামও সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
রাজনৈতিক পরিবারের সদস্যদের মধ্য থেকে জয়া কাজীর নামও রয়েছে আলোচনায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের মেয়ে। দলীয় সূত্রের দাবি, এর আগে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করে সাক্ষাৎকারও দিয়েছিলেন জয়া কাজী। এর আগে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপির জোটসঙ্গী এবং বিভিন্ন রাজনৈতিক পরিবারের সদস্যদের নামও আলোচনায় এসেছিল।
গণমাধ্যম অঙ্গন থেকেও একজনের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের আগস্টে এক বছরের জন্য চুক্তিভিত্তিক (গ্রেড-১) নিয়োগ পেয়ে বিটিভির মহাপরিচালকের দায়িত্ব নেন তিনি।
সব মিলিয়ে সংরক্ষিত নারী আসন-২৩ নিয়ে বিএনপির অভ্যন্তরে কয়েকটি ভিন্ন সমীকরণ সামনে এসেছে। একদিকে রয়েছেন দলের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরা, অন্যদিকে সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় নারী নেত্রী এবং রাজনৈতিক ও পেশাজীবী পরিবারের পরিচিত মুখ। তবে আলোচনায় থাকা এসব নামের বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন