সিরাজগঞ্জের পিপুলবাড়িয়ায় বিদ্যুৎ-সার এর দাবিতে বাসদ এর সমাবেশে বিএনপির হামলা। বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নবকুমার কর্মকারসহ ১০জন নেতাকর্মী আহত
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ২৮ আগস্ট ২০২৬ সংবাদ দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ ও সারের দাবিতে সিরাজগঞ্জের পিপুল বাড়িয়াতে আয়োজিত সমাবেশে বিএনপির হামলা, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নবকুমার কর্মকার, জেলা কমিটির নেতা পলাশ ঘোষ, আজিজ, আবু শামাসহ ১০ জন নেতাকর্মীকে আহত করার তীব্র নিন্দা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, অব্যাহত বিদ্যুৎ সঙ্কট নিরসন এবং সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে বাসদ-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পিপুলবাড়িয়া বাজারে সমাবেশ চলাকালে বিএনপির একদল সন্ত্রাসী হামলা চালায়। এরা নবকুমার কর্মকারের মাথা এবং বুকে আঘাত করে, বাসদ এর নেতা কর্মীদের উপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এই হামলায় দশজন নেতাকর্মী আহত হয়। বাজারের লোকজন ঐক্যবদ্ধভাবে এই হামলা থেকে বাসদ এর নেতা কর্মীকে রক্ষার চেষ্টা করে এবং তাদেরও বেশ কয়েকজন আহত হন।
কমরেড ফিরোজ এই হামলার নিন্দা ও হামলাকারীদের শাস্তি দাবি করে বলেন, জনগণের সঙ্কট সমাধান না করে আন্দোলনের উপর হামলার পরিণতি ভালো হবে না। অতীতের সরকার এই পথে আন্দোলন দমন করতে চেয়েছিলেন তাঁর ফল কি হয়েছে সেখান থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংকটের সমাধান করতে হলে আন্দোলনের পথে সরকারকে বাধ্য করতে হবে। পুলিশের নিস্ক্রিয়তার নিন্দা করে তিনি হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন