বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই অপপ্রচারের আশ্রয় নিচ্ছে জামায়াতে ইসলামী। অতীতে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সংকটে জনগণের সঙ্গে প্রতারণা করার মতো এবারও তারা নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।
সালাউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে সালাউদ্দিন আহমেদ ছিলেন একজন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের ফলে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। অথচ চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুধু সালাউদ্দিন আহমেদ নন, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতাকর্মীকে এভাবেই পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন