বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।
এরপর কুড়িকৃবি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হাত ও সামিয়া কাদেরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছা. নুর মহল আখতার বানু। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
আলোচনা সভার শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আজ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। তিনি ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর দুটি ব্যাচ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। বর্তমানে দুটি অনুষদের তিনটি ব্যাচে মোট ২৪০ জন শিক্ষার্থী রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অস্থায়ী ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের আবাসনের জন্যও ভাড়া করা ভবন ব্যবহার করা হচ্ছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের আবাসনের জন্য ভবন নির্ধারণের কাজ শেষ হয়েছে, যা শিগগিরই চালু করা হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণে গণমাধ্যমকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। স্থায়ী ক্যাম্পাস হলে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে কৃষিশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রামের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য ই-লাইব্রেরির উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে এতে প্রায় ২ হাজার ৫০০টি বই যুক্ত করা হয়েছে। অনলাইনে বিভিন্ন বই ও শিক্ষাসামগ্রী পড়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করার সুযোগও থাকবে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টাসহ শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলমুন নাহারসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির শেষপর্বে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন