কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ‘ফুড ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের খলিলগঞ্জস্থ ইনস্টিটিউটের হলরুমে এ ফুড ফেয়ারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিসর্গ মেরাজ চৌধুরী, কুড়িগ্রাম সরকারি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার বানু, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাহাবুবার রহমান এবং দৈনিক মানবজমিন ও করতোয়ার প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু।
উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ইশা মাহমুদ, শিক্ষার্থী সাথী রায়, আফরিনা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজুর রহমান।
ফুড ফেয়ারে শিক্ষার্থীদের তৈরি করা শতাধিক ধরনের পুষ্টিকর খাবার বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয়। এসব খাবারের মধ্যে ভিটামিন, মিনারেল, ফ্যাট, কার্বোহাইড্রেট ও প্রোটিনসমৃদ্ধ নানা ধরনের খাবার ছিল। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি খাবার ও আয়োজনের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি বিষয়ের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে এ ফুড ফেয়ারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবারের উপকারিতা, খাদ্য উপাদান এবং স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন।
আলোচনা সভা শেষে অতিথিরা ফুড ফেয়ারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে প্রদর্শিত খাবার উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কুড়িগ্রাম সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন