বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ২৫ জন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনাজপুর বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম বিসিক প্রধান কার্যালয়, ঢাকার উন্নয়ন বিভাগের উপব্যবস্থাপক আসিফ উল হাসান এবং সফল উদ্যোক্তা ও এমবিএফ হানির প্রতিষ্ঠাতা মো. মোসাদ্দেক হোসেন। বিশেষজ্ঞ প্যানেলের সামনে প্রশিক্ষণ নেয়া উদ্যোক্তারা ৪টি গ্রুপে তাদের প্রস্তাবিত প্রজেক্ট উপস্থাপন করেন এবং উপস্থিত বিশেষজ্ঞ প্যানেলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক, বাহাদুর বাজার শাখা, দিনাজপুরের ব্যবস্থাপক (এসপিও) মো. মিজানুর রহমানসহ বিসিক জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে মো. জাহেদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ব্যবসা শুরু করতে হবে। লক্ষ্য স্থির করে পরিকল্পিতভাবে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব। প্রশিক্ষণ গ্রহণ করেই বসে থাকলে চলবে না, বাস্তবে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। উদ্যোক্তাদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তার ব্যবস্থা রেখেছে। বিসিক উদ্যোক্তাদের জন্য সিঁড়ি তৈরি করে দিয়েছে, এখন সেই সিঁড়ি বেয়ে নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম কাজে লাগিয়ে ব্যবসার উন্নয়ন ঘটাতে হবে।
তিনি আরও বলেন, লক্ষ্য স্থির করে পরিকল্পিতভাবে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রত্যেককে নিজ নিজ উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিসিক সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে সফল উদ্যোক্তার গুণাবলি, ব্যবসায়িক উদ্যোগের ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, SWOT Analysis, উৎপাদন ব্যবস্থাপনা, অনলাইন মার্কেটিং, প্রকল্প প্রোফাইল প্রণয়ন এবং বিসিক শিল্পনগরী পরিদর্শনসহ উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রিসোর্স পার্সোন হিসেবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের ফিল্ড অফিসার (সিএম) ইশতিয়াক আহমেদ বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্ক (সিএম) লাইসেন্সের প্রয়োজনীয়তা, কোন কোন পণ্যের জন্য এ লাইসেন্স বাধ্যতামূলক, লাইসেন্স গ্রহণের ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। একই দিনে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মীর মো. সাইফ আলী উৎপাদিত পণ্যের মোড়কজাতকরণের বাধ্যবাধকতা এবং পণ্যের প্যাকেটের গায়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা উল্লেখের নিয়ম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। পাশাপাশি সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষণের তৃতীয় দিনে রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। তিনি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজার তদারকি, অভিযান পরিচালনা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, কোনো ভোক্তা ওজনে কারচুপি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায় কিংবা প্রতারণার শিকার হলে অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ গ্রহণ ও তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয় এবং আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারী ভোক্তাকে প্রদান করা হয়। এ সময় তিনি উদ্যোক্তাদের আইন মেনে স্বচ্ছতা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিল্প ও ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, পরিচালনা এবং সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দিকনির্দেশনা পেয়েছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর বিসিক জেলা কার্যালয়ের কোর্স পরিচালক মোছা. পারুল আক্তার কেয়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন