দিনাজপুরের বীরগঞ্জ পাইলট হাই স্কুলে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা প্রশিক্ষণের ৩৩তম ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডিজিটাল সচেতনতা, অনলাইন নিরাপত্তা, তথ্য যাচাই এবং দায়িত্বশীলভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। তিনি তাঁর বক্তব্যে ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ, ভুল ও অপ্রয়োজনীয় তথ্যের ব্যবহার ও প্রচার থেকে বিরত থাকা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী জ্ঞান ও তথ্যের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বিকাশের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, ব্লাস্টের প্রতিনিধি প্রতিমা রাণী, ফ্রিড প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়কারী শাহ মো. আমিনুল হক এবং বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার।
প্রশিক্ষণে ডিজিটাল মিডিয়া ব্যবহারের ইতিবাচক দিক, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের সত্যতা যাচাই, গুজব ও অপতথ্য শনাক্তকরণ, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং নিরাপদ অনলাইন আচরণ সম্পর্কে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলা, অপতথ্য ও গুজব প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন