দিনাজপুরের বীরগঞ্জে ইত্তেহাদুল ওলামা ওয়াল কুররা বীরগঞ্জ-এর আয়োজনে সিরাত প্রতিযোগিতা ১৪৪৮ হিজরি ও ২০২৬ ইং-এর ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, চরিত্র, সুন্নাহ ও ইসলামী শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা এবং তাঁদের মধ্যে দ্বীনি জ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ইত্তেহাদুল ওলামা ওয়াল কুররা বীরগঞ্জের উদ্যোগে এ ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণে ইত্তেহাদুল ওলামা ওয়াল কুররা বীরগঞ্জের আমীর হযরত মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর)-এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ওলামায়ে কেরাম, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসেম, মাওলানা হেফজুর রহমান, মুফতি মাস্তাকিম আমির, বীরগঞ্জ থানা জামে মসজিদের খতিব মুফতি রিদওয়াননুল্লাহ, ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ মুসলমানদের জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। শিক্ষার্থীদের মধ্যে সিরাতচর্চা বৃদ্ধি করা হলে তাঁদের নৈতিক শিক্ষা, আদর্শিক মূল্যবোধ ও ইসলামী জ্ঞান অর্জনের পথ আরও সুদৃঢ় হবে। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ২৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ে নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা করা হয়।
পুরস্কারের মধ্যে প্রথম স্থান অধিকারী একজন প্রতিযোগীকে ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া আরও ১০ জন প্রতিযোগীকে এক হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ফলাফল ঘোষণা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সিরাত পাঠ, ইসলামী ইতিহাস ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ইত্তেহাদুল ওলামা ওয়াল কুররা বীরগঞ্জের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন