হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “পিএইচডি ফেলোশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে ১০ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল ৫ ঘটিকায় ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান। আইআরটি'র পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং মনোনীত ফেলোদের অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের বাজেটের সীমাবদ্ধতা সত্ত্বেও উচ্চ শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে পিএইচডি শিক্ষা বৃত্তিসহ সকল ধরনের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা উচ্চ শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে প্রথম ২০২৪-২০২৫ অর্থ বছর হতে পিএইচডি শিক্ষা বৃত্তি চালু করেন এবং ঐ বছরে ১৪ জন পিএইচডি ফেলোকে শিক্ষা বৃত্তি প্রদান করেন। বর্তমানে ২০২৫-২০২৬ অর্থ বছরে ৫জন পিএইচডি ফেলোকে প্রতি মাসে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা হারে প্রত্যেকে ৩ বছর পর্যন্ত এই বৃত্তি প্রদান করা হবে। মনোনীত ৫ জন পিএইচডি ফেলোদের স্ব স্ব সুপারভাইজারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিএইচডি শিক্ষা বৃত্তি প্রাপ্তদের মধ্যে নাইজেরিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন